রিংআইডি ও পিপীলিকাকে উন্নত করা হবে

১৬ নভেম্বর, ২০১৯ ২১:২৪  
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপনে ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম রিংআইডি ও সার্চইঞ্জিন পিপীলিকাকে উন্নত করা হবে। শনিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ২০১৯-এর আঞ্চলিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। জুনাইদ আহমেদ পলক বলেন, শ্রমনির্ভর অর্থনীতি থেকে দেশকে প্রযুক্তি জ্ঞাননির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর সরকার জোর দিয়েছে। দক্ষ মানবসম্পদ তৈরি করতে সারা দেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৪৩ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। আশা করা যায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এবং গুগলের মতো সার্চইঞ্জিন প্ল্যাটফর্ম তৈরিতে দেশের মেধাবী তরুণেরাই কার্যকর ভূমিকা রাখবেন। সেই প্রত্যাশা নিয়েই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম রিংআইডি ও সার্চইঞ্জিন পিপীলিকাকে উন্নত করা হবে। ২০২১ সালের ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট আইসিপিসি আয়োজনের মাধ্যমে স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে আসতে চায় বলেও জানান পলক। তিনি বলেন, "একজন ডাক্তার, আইনজীবী কিংবা রাজনীতিবিদ যে পেশারই লোক হোন না কেন, তিনি যদি তাঁর ক্ষেত্রে সফল হতে চান তাহলে তাঁকে অবশ্যই প্রযুক্তির সফল ব্যবহার সম্পর্কে জানতে হবে। বর্তমানে পৃথিবীর সব জায়গায়, সকল পেশায় বর্তমানে প্রযুক্তির সার্বিক ব্যবহার হচ্ছে। কারণ পুরো পৃথিবীটাই এখন প্রযুক্তি ও জ্ঞাননির্ভর।" সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী এবং প্রতিযোগিতার প্রধান বিচারক বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ বক্তব্য দেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ১৯০টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।